ক্যামেরা দেখলেই মেজাজ হারান বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ছবিশিকারিদের প্রায়ই কড়া ভাষায় বকুনি দেন তিনি। ছবি ও ক্যামেরা নিয়ে কেন এভাবে রেগে যান বর্ষীয়ান অভিনেত্রী তথা এই রাজনীতিবিদ?
সে বিষয়েই মুখ খুললেন পরিচালক বিবেক বাসওয়ানী। অনেকেই জয়া বচ্চনকে অতিরিক্ত নাক-উঁচু বলে মনে করেন। কিন্তু বিবেক এমন মনে করেন না।
বিবেকের দাবি, ছবিশিকারিরা অভিনেত্রীকে প্ররোচনা দেন বলেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন। জয়ার সঙ্গে কাজ করেছেন বিবেক। ক্যামেরার নেপথ্যে তিনি খুবই আন্তরিক মানুষ। সহজেই তার সঙ্গে কথা বলা যায় বলে জানান বিবেক।
তিনি আরও বলেন, “উনি বড় মাপের একজন বড় তারকা। ওনার বেশির ভাগ ছবিই সফল। রণধীর কাপুর থেকে মনোজ কুমার, সকলের সঙ্গে উনি কাজ করেছেন। উনি খুবই মিষ্টি মানুষ।”
বিবেক জানান, নিজের ঘনিষ্ঠ পরিসরের মানুষদের সামনে আজও একই রকম আছেন জয়া। সেখানে তিনি খুবই হাসিখুশি থাকেন। তাহলে ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান কেন?
পরিচালকের বক্তব্য, “আসলে ছবিশিকারিরা উনাকে অনবরত উত্তেজিত করতে থাকেন। দু’-এক বার উনি সত্যিই মেজাজ হারিয়ে ফেলেছিলেন। তাই ছবিশিকারিরা এখন জানেন, উনাকে কী ভাবে রাগাতে হয়! আর তারা সেটাই করেন এবং অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েন। এটা যেন ছবিশিকারিদের জন্য একটা খেলায় পরিণত হয়েছে। তবে তেমন গুরুতর বিষয় এটা নয়।”
লোকসভাতেও কয়েক বার মেজাজ হারিয়েছেন জয়া। কিন্তু বিবেক মনে করেন, লোকসভায় যে যে বিষয় নিয়ে তিনি সরব হন, সেগুলি খুবই সঠিক। পরিচালকের কথায়, “কথাগুলো উনি ঠিকই বলেন। তবে উনার কথা বলার ধরন স্কুলশিক্ষিকার মতো।”- ইন্ডিয়ান এক্সপ্রেস








