চেহারাটা সুন্দর করে আইছে! চুল ঠিক আছে ? যদি একটি চুলও বাঁকা করতে পারো তাহলে কইরো….এমনটাই বলে মধ্যরাতে ধানমন্ডির জিগাতলায় পার্কিং করা প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করছে এক যুবক। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়,চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবকের নাম মো. আশরাফুল । তার বয়স ২৩ বছর। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। তবে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মঙ্গলবার ১৫ এপ্রিল মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?
গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।
এ বিষয়ে ডিসি মাসুদ আলম বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







