বিশ্বকাপ জয়ের পরও স্পেনের মেয়েদের ফুটবল দলের কোচ জর্জ ভিলদাকে ছাঁটাই করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গতমাসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথ আয়োজন থেকে বিশ্বকাপ জিতে আসা কোচ এমন সিদ্ধান্তকে অন্যায় বলেছেন। মঙ্গলবার আরএফইএফ তার বরখাস্তের সিদ্ধান্ত নিশ্চিত করে।
স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের চুমু কাণ্ডে মেয়েদের কোচিং স্টাফের সবাই পদত্যাগ করেছেন। কিন্তু ভিলদা একমাত্র যিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। সিডনির ওই কাণ্ডের পর রুবিয়ালেসের প্রশংসাও করেন ৪২ বর্ষী ভিলদা।
ভিলদা প্রতিক্রিয়ায় বলেছেন, ‘খেলাধুলার ভাষায়, আমি সব সমালোচনা মেনে নিচ্ছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা অন্যায়। এটা বিশেষ একটি বছর হতে পারতো। সরাসরি কোনকিছু বলা হয়নি, কিন্তু পরোক্ষভাবে বলা হচ্ছে আমাকে এখানে মানাচ্ছে না। যা বলা হয়েছে তা আসলে সত্যি না।’
‘তারা যে ব্যাখ্যা দিয়েছে সেখানে কাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে। কঠোর পরিশ্রম করে সবকিছু অর্জন করার পর এমন সিদ্ধান্ত বুঝতে আমার একটি বিবেক আছে। শতভাগ দেয়ার পর বহিষ্কার আমার প্রত্যাশিত নয়।’
ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের আসরে প্রথমবার বিশ্বজয়ের আনন্দে স্প্যানিশ স্ট্রাইকার জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেছিলেন রুবিয়ালেস। ঘটনায় অনেক জলঘোলা হওয়ার পর ফিফা স্পেন ফুটবল প্রধানের উপর ৯০ দিনের নিষেধাজ্ঞা প্রদান করে।








