শুক্রবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ‘ভুল ভুলাইয়া থ্রি’র নতুন গান ‘আমি যে তোমার’র নতুন সংস্করণে স্টেজ পারফর্ম করেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান। আর সেখানেই ঘটে যায় এক অনাকাঙ্খিত ঘটনা।
ব্যালেন্স হারিয়ে স্টেজে পড়ে যান বিদ্যা বালান। যদিও তাতে মনোবল একটুও কমেনি বিদ্যার। উঠে দাঁড়িয়ে ফের নাচতে শুরু করেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতকে একে অপরের পাশে নাচতে। ঠিক তখনই হঠাৎই বিদ্যা পড়ে যান বিদ্যা। তবে তিনি থেমে যাননি, উঠে দাঁড়িয়ে নিজের ভঙ্গি বজায় রেখে নাচতে থাকেন তিনি।
ওদিকে ঠিক একই সময়ে থেমে যাননি মাধুরীও। যা যে কোনো ভালো পারফর্মারের লক্ষণ। তবে বিদ্যা উঠে দাঁড়াতেই, মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে। সেটাও নাচের মাঝে। দুজনের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন। তাদের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দেয়।
এদিকে তাদের এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একজন লেখেন, ‘বাহ! তিনি পড়ে যাওয়ার পরেও পারফর্মেন্সটি সম্পূর্ণ করেছিলেন। এটাই আসল কথা’। আরেকজন লেখেন, ‘মাধুরীও কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন। পরে আবার ফিরে এসে সাহস দিলেন। ভীষণ সুন্দর’। তৃতীয়জন লেখেন, ‘আজকালকার নায়িকাদের মধ্যে এই গ্রেসের অভাব ভীষণভাবে’। আরেকজন লিখলেন, ‘মাধুরী ম্যাম হ্যাটস অফ, যেভাবে আপনি সাপোর্ট করলেন বিদ্যা ম্যামকে।’
আনিস বাজমি পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত ‘ভুল ভুলাইয়া থ্রি’ তার পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে, হরর এবং কমেডির সংমিশ্রণে নির্মিত হয়েছে। মাধুরী ছাড়াও বিদ্যা, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র রয়েছেন এই সিনেমাতে। আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।- হিন্দুস্থান টাইমস








