ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে এসে হায়দরাবাদে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও অলি পোপের দুইশ ছুঁইছুঁই ইনিংসে চার দিনে জয় তুলে মাঠ ছেড়েছে সফরকারী দল। জয়ের পর দলটির সাবেক অধিনায়ক মাইকেল ভন ভারত অধিনায়ক রোহিত শর্মার সমালোচনা করেছেন। মাঠে সঠিক সিদ্ধান্তের অভাবে তাকে গড়পড়তা অধিনায়কও বলেছেন।
ইংলিশ সংবাদমাধ্যমে লেখা কলামে ভন বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে রোহিত শর্মার অধিনায়কত্ব খুব, খুব গড়পড়তা। ভেবেছিলাম সে বেশ সক্রিয় থাকবে, মনে হয়নি ফিল্ডিং ঠিক করা বা বোলিং পরিবর্তন নিয়ে সক্রিয় ছিল। অলি পোপের সুইপ বা রিভার্স সুইপ ঠেকানোর সঠিক কোনো পরিকল্পনা ছিল না।’
পোপ বা অন্য ব্যাটার যখন বোলারদের চেপে ধরেছিল রোহিত তখনও আক্রমণাত্মক ফিল্ডিং করাতে পারেনি। সেটাই উল্লেখ করেছেন ভন, ‘আমার দেখা সর্বশ্রেষ্ঠ স্পিনার শেন ওয়ার্ন, উইকেটের চারপাশে খেলোয়াড় দিতেন এবং সুইপ খেলার জন্য ব্যাটারকে সৌভাগ্যবান বলতেন। ভারতের থেকে আমি এমনকিছুই দেখিনি।’
‘এটা বেশ সহজ ছিল। যেভাবে ইংল্যান্ড খেলেছে, তারা সবসময় বাউন্ডারি পেত। ফিল্ডার চারপাশে ছড়িয়ে দিয়ে, শর্মা মূলত তার বোলারকে সেরা বলটা করার জন্য বলছিলেন।’
১৯৬ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পোপ। অধিনায়ক বেন স্টোকস ইনিংসটিকে ইংলিশ ব্যাটার হিসেবে খেলা উপমহাদেশের সেরা ইনিংস বলে স্বীকৃতি দিচ্ছেন।






