ইরানের সামরিক স্থাপনার আশপাশে অবস্থিত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারে না-এমন সতর্কতা জারি করেছে মার্কিন সামরিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড।
গতকাল রোববার ৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান জনবহুল বেসামরিক এলাকাকে সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। এর মধ্যে শহর থেকে একমুখী হামলাকারী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের ডেজফুল, ইস্পাহান ও শিরাজ শহরের মতো শহর থেকে এসব হামলা চালানো হচ্ছে।
সেন্টকম সতর্ক করে জানায়, কোনো বেসামরিক এলাকা যদি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই স্থান সুরক্ষিত মর্যাদা হারাতে পারে এবং বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
মার্কিন কমান্ড ইরানের সাধারণ নাগরিকদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে এবং ইরানি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে বলেছে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে বেসামরিক বিমানবন্দর, হোটেল ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়ে নিরীহ মানুষের নিরাপত্তা বিপন্ন করছে।
সেন্টকমের কর্মকর্তা ব্রেড কোপার-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, উপসাগরীয় অংশীদারদের ওপর হামলা চালিয়ে ইরানের নেতৃত্ব নিজেদের জনগণকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানোর ফলে এই হামলার হার কিছুটা কমেছে।
মার্কিন বাহিনী বলেছে, তারা বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতা অবলম্বন করে, তবে ইরানের সামরিক স্থাপনার কাছাকাছি থাকা বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।







