যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া সদস্যদের এবং মিয়ানমার ও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা করা হবে।
সংবাদমাধ্যম ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে. ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, গত ৭ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তায় প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার অবদান রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা এবং সকল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা ও নির্যাতনের ব্যাপক নথিপত্রও পেয়েছে।
ব্লিঙ্কেন বলেন, মিয়ানমারে চলমান পরিস্থিতি জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের এবং বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন অটল। বেসামরিক নাগরিকদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।








