বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও গ্যাসের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের কিছু তেল বিক্রিতে আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে।
বিবিসি জানিয়েছে, চলমান ইরান সংশ্লিষ্ট সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক ঘোষণায় জানান, সমুদ্রে বিভিন্ন জাহাজে আটকে থাকা ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য একটি স্বল্পমেয়াদি অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমোদন আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা নীতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে অনেকেই ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম।
এই পদক্ষেপের মাধ্যমে ইরানের শাসকগোষ্ঠীর হাতে নতুন করে অর্থ প্রবাহের সুযোগ তৈরি হতে পারে, যা চলমান সংঘাতে ব্যবহৃত হওয়ার ঝুঁকিও রয়েছে।








