বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। একই সঙ্গে সাম্প্রতিক জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই।
ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে তিনি কাজ চালিয়ে যেতে আগ্রহী উল্লেখ করে গ্রেস মেং জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।
পাশাপাশি তার নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন গ্রেস মেং।








