ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারের অনুদান ঘোষণা করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
মঙ্গলবার ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পক্ষ থেকে জানানো হয়, অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কর্মসূচির আওতায় এই অনুদান প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার হলো। অনুদানের আওতায় মুঘল যুগের এই ঐতিহাসিক স্থাপনাটির ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার করা হবে। পাশাপাশি একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ গঠন এবং দেশের তরুণ স্থপতিদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এএফসিপি কর্মসূচির অধীনে ইতোমধ্যে দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন।







