উয়েফা ইউরোপা লিগে লিঁওর বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখার পরের ম্যাচে প্রিমিয়ার লিগে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে নেমে রুবেন আমোরিমের শিষ্যরা কোনো গোল পাননি। উলভারদের একমাত্র সফল শটে হেরে মাঠ ছাড়তে হয় ব্রুনো ফের্নান্দেস-আলেজান্দ্রো গার্নাচোদের।
ম্যাচে শুরুতে রেড ডেভিলদের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসকে বিশ্রাম দেয়া হয়। দ্বিতীয়ার্ধে তাকে নামানোর পর বেশকিছু সুযোগ হাতছাড়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৭ মিনিটে একমাত্র গোলটি করেন উলভারহ্যাম্পটনের পাবলো সারাবিয়া। জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দলটি।
পরে গোলটি নিয়ে কোচ রুবেন আমোরিম বলেছেন, ‘তারা গোলমুখে মাত্র একটি শট নিয়েছে এবং সেই শটের গোল আমাদের ভুগিয়েছে। তারা একটি গোল করেছে এবং আমরা ম্যাচে হেরেছি। এভাবে উত্থান-পতনের মাধ্যমে চলতে থাকবে, আমাদের মৌসুম শেষ করতে হবে।’
‘এমনদিনে আমরা সত্যিই হতাশ। আমরা প্রতিপক্ষের থেকে ভালো ছিলাম, কিন্তু যদি গোল করতে না পারেন, জিততেও পারবেন না।’
মৌসুমে এ নিয়ে ১৫তম পরাজয় দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলে দলটির বর্তমান অবস্থান ১৪তে।








