বিশ্বকাপ শুরুর মাস তিনেক আগেও যুদ্ধে লিপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে তারা ২৮ ফেব্রুয়ারি প্রথম যৌথ হামলা শুরু করে। ইরান পার্শ্ববর্তী দেশের মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালাতে গিয়ে অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এই অবস্থায় আসন্ন বিশ্বকাপেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। এবার একই দাবি তুলেছেন বিশ্বকাপজয়ী সাবেক জার্মান কোচ জোয়াকিম লো।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ থেকে শুরু হবে বিশ্বকাপ। চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে জার্মানের হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী জোয়াকিম লো বলেছেন, ‘রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের আগে আমাদের মাঝে বিতর্ক হয়েছিল এবং ২০২২ কাতার বিশ্বকাপের আগে বয়কটের ডাক উঠেছিল। কিন্তু যে দেশ নিজেই যুদ্ধে লিপ্ত সেখানে খেলা আরও বেশি বিপজ্জনক। রাজনৈতিক পরিস্থিতি এই টুর্নামেন্টকে পুরোপুরি অন্ধকারে ঢেকে দিচ্ছে।’
একদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ চলছে। অন্যদিকে, গত মাসে বিশ্বকাপের আরেক আয়োজক মেক্সিকোর মাদক সম্রাট ‘এল মাঞ্চো’কে হত্যার ঘটনায় দেশটির নানা প্রান্তে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষ চলে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর।
‘আমি জানি না আসলেই এই টুর্নামেন্টে খেলা উচিত কি না। বর্তমান পরিস্থিতিতে কেবল কানাডা নিরপেক্ষ দেশ। আমি চাই না বিশ্বকাপের কোন আসর বয়কট করতে- আমরা ফুটবলপ্রিয়। কিন্তু আমাদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে, যা আমরা এখনও সেভাবে বিবেচনায় নিচ্ছি না।’








