শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক মাহমুদ (২৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দুপুরে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে, রোববার ২৪ আগস্ট রাত ১০টার দিকে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নয়াবিল ইউনিয়নের চারআলী বাজার এলাকা থেকে তাকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ২৫ আগস্ট সোমবার দুপুরে জব্দকৃত আলামতসহ মো. আশিক মাহমুদকে নালিতাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত আশিক মাহমুদকে নালিতাবাড়ী থানায় মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ইয়াবাসহ র্যাবের হাতে আটক মো. আশিক মাহমুদকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক মাহমুদ ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) ও সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মো. আশিক মাহমুদকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন।








