জাতিসংঘ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই পদক্ষেপকে স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির দিকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যায়।
জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালনের আহ্বান জানিয়েছেন। এর মূল লক্ষ্য হলো বেসামরিক মানুষের জীবন রক্ষা করা এবং মানবিক দুর্ভোগ কমানো।
গুতেরেস আরও বলেছেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে স্থায়ী শান্তির পথ তৈরি করা সম্ভব। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, তার ব্যক্তিগত দূত বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করছেন।
যদিও আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির ঘোষণায় স্বস্তি দেখা দিয়েছে, তবে এর বাস্তবায়ন ও স্থায়িত্ব এখনও সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। আর ইরানের ওপর হামলা বন্ধ করা হলে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়ার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া পাওয়া গেল।







