বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছেন আন্তোনিও গুতেরেস।
শুক্রবার ২৭ মার্চ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন।
আলোচনায় বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।








