লেবাননে ইসরায়েলি বিমান হামলা নিয়ে তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার দপ্তরের শীর্ষ কর্মকর্তা ভলকার টুর্ক। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই এমন হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এটি ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
আল জাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যেকোনো সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। তিনি স্মরণ করিয়ে দেন, আক্রমণ ও প্রতিরক্ষার মধ্যে পার্থক্য নিরূপণ, হামলার যৌক্তিকতা এবং বেসামরিকদের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এসব নীতির কোনো বিকল্প নেই।
বুধবার রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় চালানো ব্যাপক বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি বিমান বাহিনীর দাবি, মাত্র ১০ মিনিটে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এই ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও, সেই চুক্তির বাইরে থেকেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

