উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির দ্বৈরথ যেন কাটছেই না। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে দলদুটি। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল রিয়াল-ম্যানসিটি। সেবার সিটিজেনদের রুখে দেয় লস ব্লাঙ্কোসরা। ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে ফের মুখোমুখি স্পেন ও ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব দুটি। এই রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডকে প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা।
সুইজারল্যান্ডের নিওনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। যেখানে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর পাশাপাশি কোয়ার্টার, সেমিফাইনালের সম্ভাব্য ফিক্সচারও ঠিক হয়েছে। শেষ ষোলোর প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ গড়াবে। এছাড়া সেমিফাইনালের দুই লেগ ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে এবং ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে হবে।
এবারের আসরে লিগপর্বে মুখোমুখি হয়েছিল রিয়াল ও ম্যানসিটি। সেখানে ২-১ গোলে জয় পায় ম্যানসিটি। আর নকআউটে ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪-২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল ম্যানসিটি ও রিয়াল।
ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। শেষ ষোলোতে নিউক্যাসল ইউনাইটেকে পেয়েছে তারা। এছাড়া পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে, আর্সেনাল মুখোমুখি হবে লেভারকুসেনের। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আটালান্টার, লিভারপুলের প্রতিপক্ষ গালাতাসারাই এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে টটেনহ্যামের।






