যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। দুবাই ও আবুধাবির বাজার মিলিয়ে প্রায় ১২০ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে বলে জানা গেছে। যুদ্ধ শুরুর পর দুবাইয়ের প্রধান সূচক প্রায় ১৬ শতাংশ এবং আবুধাবির সূচক প্রায় ৯ শতাংশ কমে গেছে।
এই সময়ে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট (DFM) প্রায় ৪৫ বিলিয়ন ডলার এবং আবুধাবির ADX সূচক প্রায় ৭৫ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে।
একই সময়ে কাতার ও বাহরাইনের শেয়ারবাজার যথাক্রমে প্রায় ৪ শতাংশ ও ৭ শতাংশ কমেছে। তবে সৌদি আরব ও ওমানের বাজারে উল্টো কিছুটা বৃদ্ধি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ৭ শতাংশ কমেছে।
যুদ্ধের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর-যা বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর-বড় ধাক্কার মুখে পড়েছে। গত বছর আমিরাতের অর্থনীতিতে পর্যটন ও ভ্রমণ খাতের অবদান ছিল প্রায় ৭০ বিলিয়ন ডলার, যা মোট জিডিপির ১৩ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, এই পতন মূলত বিনিয়োগকারীদের আস্থার ওপর স্বল্পমেয়াদি প্রভাব ফেলেছে। দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটির অর্থনীতিবিদ হাইথাম আউন বলেন, এটি একটি ‘সাময়িক ধাক্কা’ এবং দীর্ঘমেয়াদে আমিরাতের অর্থনৈতিক পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনবে না।








