ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার সন্ধাই গ্রামের মৃত জয়নুদ্দিন সিকদারের ছেলে মো. আব্দুল জব্বার (৬০) ও খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হক গ্রামের ছেলে মো. সাকিব (১৫)। মো. সাকিব খারুয়া বড়াইল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মো. আব্দুল জব্বার সম্পর্কে মো. সাকিবের ফুফা হন। বিকেলে আব্দুল জব্বার সাকিবদের বাড়িতে ছিলেন। এসময় নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সাকিব। তাকে বাঁচাতে গিয়ে তার ফুফা আব্দুল জব্বারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
এমতাবস্থায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান।







