চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার খবর জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট–৩ ও অ্যাডভেঞ্চার–৯ নামের দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর একটি লঞ্চ ঢাকা অভিমুখে চলে যায়।
এ সংঘর্ষে গুরুতর আহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই লঞ্চের ভেতর মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মোহনপুর এলাকায় মৃত্যু হয়।
বর্তমানে নিহত দুইজনের মরদেহ ও সংশ্লিষ্ট লঞ্চটি ঢাকার সদরঘাটে রয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।








