আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

সিয়াটলে গুলির ঘটনায় পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে দুজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সংস্থা এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে জানায়। সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলেই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। এ ঘটনায় আরেকজন সামান্য আঘাত পেয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’

হামলাকারীদের আটক করা হয়েছে কি না সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। তবে তারা বলেছে, ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। সপ্তাহের শেষে আয়োজিত এই উৎসবের নাম দেওয়া হয় বাইট অফ সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশ নেয়। সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।

বিষয়:আহত ৫
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…