বাংলা সাহিত্য ও সংস্কৃতির জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’র তৃতীয় আসর বসতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল। কলকাতার আনন্দপুরে অবস্থিত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (কেসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে দুই বাংলার দুই প্রখ্যাত শিল্পী এক মঞ্চে হাজির হচ্ছেন।
এবারের আসরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন কলকাতার খ্যাতিমান সংগীতশিল্পী, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত এবং বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে— ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’। এই সমসাময়িক প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন দুই দেশের এই দুই তারকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় বক্তা, গীতিকার, কবি ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, সীমান্তের দুই পাশ থেকে দুই প্রখ্যাত শিল্পীর উপস্থিতিতে এই আড্ডা বিশেষ মাত্রা পাবে। তাদের কথোপকথনের মধ্য দিয়েই শুরু হবে এবারের ‘কেসিসি বৈঠকখানা’।
বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্র নিয়ে দুই বাংলার শিল্পীদের এই মিলনমেলা ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।







