বরিশালের গৌরনদী উপজেলায় ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (২৪ মার্চ) মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার ভ্যানচালক কাওছার হাওলাদারের তিন বছর বয়সী ছেলে রমজান হাওলাদার এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের প্রবাসী বাহাদুর মৃধার তিন বছর বয়সী ছেলে মোহাম্মদ মৃধা।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের পরদিন রোববার সকালে শিশু মোহাম্মদ মৃধা তার মা আয়শা বেগমের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে একপর্যায়ে দুই শিশু সবার অগোচরে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








