সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী দুই বাংলাদেশি প্রবাসী বিগ টিকিট আবুধাবি ড্রতে প্রত্যেকে (বাংলাদেশি টাকায় ৩৩ লাখ) এক লাখ দিরহাম জিতেছেন। বিগ টিকিট আবুধাবি সিরিজ ২৮১-এর ড্রতে এই সান্ত্বনা পুরস্কার অর্জন করেন তারা।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী আমরু মিয়া ১৯৯৮৭৩ নম্বর টিকিটের মাধ্যমে ১ লাখ দিরহাম জেতেন।
জয়ের খবর পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি খুব খুশি। আমি এটা বিশ্বাস করতে পারছি না। তবে পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
একই ড্রতে আজমানে বসবাসকারী আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আরিফুল ৩১৭৪৯১ নম্বর টিকিটের মাধ্যমে ১ লাখ দিরহাম সান্ত্বনা পুরস্কার জিতেছেন। তিনিও জয়ের অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা এখনও ঠিক না করলেও এই সাফল্যে দারুণ আনন্দিত বলে জানান।
এদিকে, বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, শীত মৌসুমে আরও বড় আকর্ষণ নিয়ে আসছে তারা। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া লাইভ ড্রতে থাকছে ৩০ মিলিয়ন দিরহামের বিশাল জ্যাকপট। একই রাতে আরও পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পাবেন।
বিগ টিকিটের টিকিট অনলাইনে পাশাপাশি আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইন বিমানবন্দরের বিগ টিকিট কাউন্টার থেকেও সংগ্রহ করা যাচ্ছে।








