মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।








