শেষ হয়েছে শাকিব খানের ঈদুল আযহার ছবি ‘তুফান’র শুটিং। প্রায় ৪০দিন ইন্ডিয়াতে এ ছবির শুটিং হয়েছে। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও সম্পন্ন করে রবিবার দুপুর ১২টার ফ্লাইটে ঢাকায় পা রেখেছেন দুই বাংলার আলোচিত এই মেগাস্টার।
‘তুফান’ পরিচালনা করছেন সময়ের নামী নির্মাতা রায়হান রাফী। গেল ১৬ এপ্রিল থেকে এ ছবির শুটিং শুরু হয়েছিল। টানা কাজের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশন চলছে। তবে শুটিং চলাকালীন ‘তুফান’-এর টিজার ছেড়ে দর্শকদের প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা।
দর্শক বলছেন, পর্দায় শাকিবের এমন উপস্থিতি কাম্য ছিল। এমনকি সিনেমা হল মালিকরাও ‘তুফান’ নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। মুক্তির একমাস আগে থেকে বিভিন্ন হলের সামনে ও ফেসবুক পেজে ‘তুফান’ মুক্তির প্রচারণা চলছে।
এর আগে শাকিবের বিপরীতে কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, পায়েল, সায়ন্তিকাসহ প্রথম শ্রেণির প্রায় সকলেই অভিনয় করেছেন। এবার শাকিবের ‘তুফান’-এ যুক্ত হলেন ওপারের হালের আলোচিত নায়িকা মিমি চক্রবর্তী।

শাকিবের সঙ্গে তার একটি পোস্টারও প্রকাশ হয়েছে। প্রকাশিত পোস্টারে শাকিবের গুরুগম্ভীর চাহনির সঙ্গে মিমির লাস্যময়ী লুক নজর কেড়েছে! পোস্টারটি অনলাইনে আসার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শিগগির ‘তুফান’ ছবিতে সময়ের জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসানের তৈরি ‘লাগে উরাধুরা’ নামে একটি গান প্রকাশ পাবে। যার ২০ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে শনিবার। মাত্র এই কয়েক সেকেন্ডই রীতিমত ঝড় তুলেছে!
আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব-মিমি ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।







