মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ইউক্রেনের রাজধানী কিয়েভে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের বিজয়ের সংবাদ প্রকাশের পর থেকে রুশ চাপের মুখে ঠেকেছে ইউক্রেন।
বুধবার (৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন ট্রাম্প। ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস ইলেকটোরাল ভোটের ব্যবধানে ট্রাম্পের কাছে বেশ পিছিয়েই আছেন। অনানুষ্ঠানিকভাবে বলাই যায়, নির্বাচনে ট্রাম্প জিতে গেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, জেলেনস্কির এবার কী হবে?
প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক উদ্বেগে পড়েছে ইউক্রেন। প্রায় তিন বছর আগে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইউক্রেন বিদেশী সামরিক সাহায্যের উপর নির্ভর করা শুরু করে। বিশেষ করে ওয়াশিংটন থেকে সব থেকে বেশি সহযোগিতা পেয়ে আসছিল ইউক্রেন।
সেপ্টেম্বরে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলে বর্ণনা করেছিলেন। কারণ ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা নিয়েছে। ট্রাম্প বলেছেন, ‘প্রতিটিবার তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্রে আসেন, ছয় হাজার কোটি মার্কিন ডলার জিতে চলে যান।’
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির বলেন, এটা উদ্বেগজনক এবং বিরক্তিকর। মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের পর কিছু পরিবর্তন হবে, আমাদের সাথে যুক্তরাষ্ট্রের আগের মতো সমর্থন থাকবে না।








