যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা’ করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর তিনি এ সতর্কবার্তা দেন।
আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন সতর্কবার্তা দেন।
‘ক্রেতা সাবধান’ মন্তব্য করে ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টের রায়কে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা গত বছরের বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসতে চায়, বিশেষ করে যেসব দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ‘অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত’ করেছে, তাদের ওপর আরও উচ্চহারে শুল্ক আরোপ করা হবে।
গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন এর অধীনে ঘোষিত ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে। আদালত জানায়, উক্ত আইন প্রেসিডেন্টকে আমদানি পণ্যের ওপর সরাসরি শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
আদালতের রায়ের পরপরই ভিন্ন আইনি ভিত্তিতে নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প, যা দ্রুত ১৫ শতাংশে উন্নীত করা হয়। নতুন এ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এটি ১৫০ দিনের জন্য বহাল থাকবে, যদি না কংগ্রেস এর মেয়াদ বাড়ায়।


