ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি ভালো যাচ্ছে না বুঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিট র্যাম্প বা বেরিয়ে আসার কৌশল খুঁজছেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংককুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেন, ট্রাম্প বুঝতে পারছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রত্যাশামতো এগোচ্ছে না এবং উত্তেজনা বাড়ানোর সব বিকল্পই ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, এটা ক্রমেই পরিষ্কার হচ্ছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বুঝতে পারছেন যুদ্ধ ভালো যাচ্ছে না। একই সঙ্গে, উত্তেজনা বাড়ানোর প্রতিটি পদক্ষেপ ইরানের ওপর যেমন খরচ চাপাবে, তেমনি যুক্তরাষ্ট্রের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ হবে।
পার্সির মতে, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা স্পষ্ট। তারা ইতোমধ্যে এমনভাবে আঘাত হানার সক্ষমতা ও আগ্রহ দেখিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।
তিনি আরও বলেন, এতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে।
এদিকে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের রাজনৈতিক সমর্থন ঘাঁটিতেও যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে উল্লেখ করেন পার্সি।
তার ভাষায়, দেশের বেশিরভাগ মানুষই এই যুদ্ধের বিরোধিতা করছে। শুরুতে ট্রাম্পের সমর্থকরা কিছুটা সমর্থন দিলেও এখন তারাও উদ্বিগ্ন হয়ে উঠছে।
সব মিলিয়ে, পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হচ্ছে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক।








