জাতিসংঘের একাধিক সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অকার্যকর, ব্যয়বহুল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের পর্যালোচনায় এসব সংস্থাকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১৪১৯৯-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনেক কার্যক্রম লক্ষ্যহীন, দুর্বল ব্যবস্থাপনায় পরিচালিত এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন জনগণের করের অর্থ এমন প্রতিষ্ঠানে ব্যয় করা হবে না, যেগুলো থেকে যুক্তরাষ্ট্রের কোনো বাস্তব লাভ নেই। বিদেশি স্বার্থে করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের যুগ শেষ। যেসব আন্তর্জাতিক সংস্থা একসময় শান্তি ও সহযোগিতার লক্ষ্যে গড়ে উঠেছিল, সেগুলোর অনেকগুলো এখন কার্যত একটি বৈশ্বিক শাসন কাঠামোয় পরিণত হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, এসব সংস্থা প্রগতিশীল মতাদর্শ, জলবায়ু ইস্যুতে গোঁড়ামি এবং জেন্ডার ইক্যুইটির মতো বিষয়ে অতিরিক্ত মনোযোগ দিয়ে মূল জাতীয় স্বার্থ থেকে বিচ্যুত হয়েছে। এসব সংস্থা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব সীমিত করার চেষ্টা করছে। ইউএসএআইডি বন্ধের ধারাবাহিকতায় এবার বহুপাক্ষিক এই ‘এনজিও নেটওয়ার্ক’ ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তবে বিবৃতিতে জানানো হয়, যেসব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এবং জনগণের উপকার নিশ্চিত হয়, সেসব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি আরও কিছু সংস্থার কার্যক্রম বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, সদস্যপদ প্রত্যাহার করা ৬৬টি সংস্থার মধ্যে ৩১টি জাতিসংঘ সংশ্লিষ্ট এবং বাকি ৩৫টি জাতিসংঘ বহির্ভূত আন্তর্জাতিক সংস্থা।








