যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নতুন এফবিআই নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। একজন অজ্ঞাত নারীর দাবি, ১৯৮০ এর দশকে কিশোর বয়সে তাকে যৌন সম্পর্কে বাধ্য করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এই নথিগুলো যৌন পাচারকারী জেফরি এপস্টিনের তদন্তের অংশ।
শুক্রবার (৬ মার্চ) আল জাজিরা জানিয়েছে, নথি অনুসারে, ২০১৯ সালে এফবিআই ওই নারীর সঙ্গে চারবার সাক্ষাৎকার নেয়। তিনি জানান, এপস্টিন তাকে নিউইয়র্ক বা নিউজার্সিতে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যখন তার বয়স ছিল মাত্র ১৩ থেকে ১৫ বছর। ট্রাম্প তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ।
বিচার বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, এই নথিগুলো ভুলভাবে ‘প্রতিলিপি’ হিসেবে চিহ্নিত ১৫টি ফাইলের অংশ, যা আগে প্রকাশিত হয়নি। তবে হোয়াইট হাউস এই অভিযোগকে তীব্রভাবে খারিজ করে বলেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই নথি প্রকাশ করে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে বলে জানিয়েছে, তবে সতর্কতা স্বরূপ জানিয়েছে যে, সব অভিযোগ সত্য নাও হতে পারে।







