যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবার পর দীর্ঘ দিনের নীরবতা ভেঙে আবারও ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, ট্রাম্পের প্রস্তাবিত বাজেট যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত যা যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলবে।
কূটনীতিতে বরাদ্দ কমিয়ে এবং প্রতিরক্ষাতে বরাদ্দ বৃদ্ধি করে ট্রাম্পের প্রস্তাবিত বাজেট দেশটিকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে সতর্ক করে দিয়েছেন প্রাক্তণ এই ফার্স্ট লেডি। জর্জ টাউন ইউনিভার্সিটি ইন্সটিটিউট ফর উইম্যানে শান্তি ও নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকারের বরাদ্দের অংশে ২৯ শতাংশ (যা প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার) কমিয়ে আনায় যুক্তরাষ্ট্রের নারী এবং শিশুদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে বলে সেখানে তিনি ট্রাম্পকে সতর্ক করে দেন।
এর মধ্যে বিশ্ব জনস্বাস্থ্য, আন্তর্জাতিক উন্নয়ন, দরিদ্র বিমোচন এবং কূটনীতি পড়বে। যা ট্রাম্পের গ্লোবাল গ্যাগ রুলের অন্তর্ভুক্ত হবে। এরপর থেকে বিশ্বের নানা প্রান্তের জনস্বাস্থ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো বরাদ্দ দিতে পারবে না।
এই সিদ্ধান্তের কারণে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর যুদ্ধরত দেশগুলোর নারী ও শিশুরা যারা ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। সেনাবাহিনী ও প্রতিরক্ষার জন্য বরাদ্দ ৫৪ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি করার সিদ্ধান্ত থেকে এমন বার্তাই পেয়েছে বিশ্বের সবাই।
হিলারি ক্লিনটন যুক্তি দেখিয়েছেন নারী ও শিশুদের জন্য কাজ করা যুক্তরাষ্ট্রের সঠিক এবং নৈতিক লক্ষ্য- শুধু এ জন্যই এদের জন্য কাজ করতে হবে এমনটি নয়। শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় সত্যিকারের অগ্রগতি পেতে হলে নারী ও শিশুদের জন্য কাজ করতে হবে।







