শেরপুরে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সিএনজি যাত্রী।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেরপুর-বনগা সড়কের সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছে নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের দোকান কর্মচারি রফিক মিয়া ও তার ছেলে রাব্বি মিয়া। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
আহত তিনজনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। হতাহতদের সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ছেলে রাব্বিকে ডাক্তার দেখিয়ে শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি সিএনজি অটোরিক্সায় করে নালিতাবাড়ীর দোহালিয়া এলাকার বাড়ী যাচ্ছিলেন দোকান কর্মচারি রফিক মিয়া। সেই সিএনজিতে চালকসহ ছয়জন ছিলেন। সদর উপজেলার তাতালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী ছয়জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। অপর তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খাইরুল কবির সুমন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।








