পদত্যাগ করা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার ১ কোটি টাকার ঘুষ দাবির কথোপকথন ফাঁস কান্ডসহ ৫ই আগস্টের পরের সব ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সকল প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডে ইমেজ সঙ্কটে পড়েছে প্রসিকিউশন। এখন থেকে কোন প্রসিকিউটরের বিরুদ্ধে সুতা পরিমাণ অভিযোগ পাওয়া গেলে তাকে বাদ দেওয়া হবে। এর আগে গতকাল প্রসিকিউটর সাইমুম রেজা পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন, যা সম্প্রতি ফাঁস হয়েছে।


