বিভিন্ন দাবিতে চালক, সহকারি চালক, গার্ড, টিটিইসহ সকল রানিং স্টাফদের কর্মবিরতি পালন করায় সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার রাত ১২টার পর কর্মবিরতির অংশ হিসেবে শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদানসহ বিভিন্ন দাবি রয়েছে রানিং স্টাফদের। সিডিউলে থাকা ট্রেন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রেলপথ মন্ত্রণালয় থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেও দাবি আদায়ে অনড় রয়েছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।
উল্লেখ্য, সারাদেশে ট্রেনে প্রতিদিন প্রায় ৩ লাখ যাত্রী যাতায়াত করেন এবং অনেক টিকিটই অগ্রিম বিক্রি হয়ে যায়।








