মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সচল হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।পরে সন্ধ্যা ৭টার দিকে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বেলা ১টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আরও বেশ কয়েকটি ট্রেন। সাতগাঁও স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ভানুগাছ স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ঘটনার পর ভানুগাছ থেকে বিকল্প ইঞ্জিন হিসেবে ‘জয়ন্তিকা এক্সপ্রেস’-এর ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনটি যুক্ত করার সময় ট্রেনের পেছনের হুক ছিঁড়ে যায়। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ট্রেনটি লাইনে পড়ে থাকে। এই পরিস্থিতিতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
ভানুগাছ রেলস্টেশনের মাস্টার পলাশ দাশ বলেন, ইঞ্জিন বিকল এবং পরবর্তীতে হুক ছিঁড়ে যাওয়ার কারণে যোগাযোগ পুনরুদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। অবশেষে সন্ধ্যা ৭টার দিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সচল করা হলে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।








