টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার ছোট সংস্করণের সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা ৩টায় মাঠে গড়িয়েছে খেলা। একাদশে একটি পরিবর্তন এনেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে জয়ী একাদশের শামীম পাটোয়ারির জায়গায় ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
অতিথি দলেও আছে একটি পরিবর্তন। ইংল্যান্ড জার্সিতে টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে অলরাউন্ডার রেহান আহমেদের। মার্ক উডের পরিবর্তে জায়গা পেয়েছেন তিনি।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাপুটে জয়ের পর ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে এগিয়ে সাকিব আল হাসানের দল। রোববার ইংল্যান্ডকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। যা হবে টি-টুয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় অর্জনের একটি।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ।








