আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল।
আলী আজম প্রথমে দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তোফায়েল আহমেদের প্রভাব বিস্তার করে এলাকায় একক আধিপত্য বিস্তার করেন আলী আজম মুকুল।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার গ্রেপ্তার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।








