স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে। প্রতিনিধি দলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকবেন।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) পরিস্থিতি সরেজমিনে দেখতে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সংঘাতপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজও থাকছেন।
উল্লেখ্য, গত বুধবার খাগড়াছড়িতে গণপিটুনির শিকার হয়ে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদরে বুধবারের ঘটনার জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মারা গেছেন ৩ জন। এই সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটি জেলাতেও। রাঙামাটিতে শুক্রবার সকাল থেকে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।








