আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই দিনে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করেই পূজা অর্চণা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মের শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
আজ সকাল ৭টা ১ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি। এদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বাসাবাড়ি ও পূজামণ্ডপে সরস্বতী পূজা হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন।
এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবেও সরস্বতী পূজা হবে।
পূজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।








