ডিসিপি জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে এতদিন অধরা ছিল শাকিব খানের ঈদের ছবি ‘প্রিন্স’। অবশেষে মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের চতুর্থ দিন সিনেপ্লেক্সে এসেছে সিনেমাটি।
খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
স্টার সিনেপ্লেক্সের ফেসবুকে প্রকাশ করা হয়েছে ‘প্রিন্স’-এর পোস্টার। সেখানে লেখা হয়েছে, ‘প্রিন্স’ এখন চলছে বড় পর্দায়—অ্যাকশন, ড্রামা আর এন্টারটেইনমেন্টে ভরপুর এক অভিজ্ঞতা।
দর্শকদের আহ্বান জানিয়ে লেখা হয়েছে, চলে আসুন নিকটস্থ যেকোনো ব্রাঞ্চের টিকিট কাউন্টারে। আজই দেখে ফেলুন প্রিন্স।
অন্যদিকে প্রযোজনা সংস্থা থেকে জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় চলবে ‘প্রিন্স’।
জানা যায় ৫.২০ মিনিটের এই শোটির টিকিট অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায়। এই কারণে রাত ৮:৩০ এ আরো একটি শো দেয়া হয়েছে। পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ডিসিপি জটিলতা না থাকলে আমাদের বিশ্বাস ছিল শুরু থেকেই প্রিন্স সর্বাধিক শো নিয়ে চলতো। আশা করা যাচ্ছে শিগগিরই সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চে অন্যান্য সিনেমার মতো বেশি শো নিয়ে প্রিন্স চলবে।
ঈদের দিন মুক্তি পেলেও একাধিকবার ডিসিপি জটিলতার কারণে সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শন সম্ভব হয়নি। এতে হতাশ হন শাকিবের দর্শকরা। অনেকে বিরস মুখে ফিরে যান।
এবারের ঈদে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘প্রিন্স’। সিনেপ্লেক্স ব্যতীত বাকি মাল্টিপ্লেক্সগুলোতে রমরমিয়ে চলছিল। এবার স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে ছবিটি।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
পর্দায় প্রথমবারের মতো শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ ও টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।








