রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে।
শনিবার (১৪ মার্চ) এই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও দেখা গেছে। এর আগে একই দিন সন্ধ্যা ৬টায় প্রকাশিত আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন পরিস্থিতির আভাস দেওয়া হয়েছিল।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টিপাত সেই পূর্বাভাসেরই প্রতিফলন।
রোববার রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার ও মঙ্গলবার দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।








