ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি তৈরির নির্বাচন নয়; এটি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশের প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রাধিকার দেবে।
তারেক রহমান জানান, প্রতিটি নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে নারীরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণের ক্ষুদ্র ঋণ পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা হবে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনি, রেশম ও চা শিল্প পুনরুজ্জীবিত করা হবে। কৃষকদের জন্য হিমাগার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
বিএনপি চেয়ারম্যান জানান, তরুণদের কর্মসংস্থানের জন্য আইটি হাব গড়ে তোলা হবে। পাশাপাশি ক্ষমতায় গেলে এ অঞ্চলে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
তারেক রহমান বলেন, আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখেনি। বিএনপি ক্ষমতায় এলে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







