ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না এবং ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চায় এমনদের কোনও স্থান ইসলামিক ফাউন্ডেশনে দেওয়া হবে না।
সোমবার বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
মন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কুরআন ও হাদীস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এই বইমেলা থেকে অংশগ্রহণকারীরা কুরআন ও হাদিস সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে। তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
মন্ত্রী আরও বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চাই, তাদেরকেও কোনো স্থান দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের গুরুত্ব আমরা সবসময় মনে রাখি।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টলসমূহ পরিদর্শন করেন।
মাসব্যাপী এই বইমেলায় ৬১টি স্টল থাকবে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসীর, হাদীসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের মৌলিক ও গবেষণামূলক বই পাওয়া যাবে। ইফার স্টল থেকে ৪০% কমিশনে বই কেনা যাবে, বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন পাওয়া যাবে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।








