যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীনদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন: অগ্নিসংযোগে চারটি তাজা প্রাণ ঝরে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। তাদের ক্ষমা নেই।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপি হচ্ছে স্বার্থের রক্ষক। যারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, তারা ভোট নিয়ে ধর্মের কথা বলে।
তিনি আরো বলেন: ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া, তাদের নেতা নেই; নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে, ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।
যোগ করেন: বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না।
বিএনপি নেতা-কর্মীদের জেলে থাকা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপির নেতা-কর্মীরা জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে।
এসময় ঢাকা জেলার ১৯টি আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।
এসময় তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন: যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।
লুটপাট ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ‘খেলা হবে’ বলে এসময় হুঁশিয়ারী দেন ওবায়দুল কাদের।








