চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমতে পারে বাংলাদেশের বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি তাদের পূর্বের পূর্বাভাস থেকে বাড়তে বলে মনে করছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে: বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে। মধ্যবর্তী পয়েন্ট হবে ৪ শতাংশ।
যদিও এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলো বিশ্বব্যাংক।
যদি প্রবৃদ্ধির এমন শ্লথ ধারা বাস্তবিক হয় তাহলে এটি হবে করোনা মহামারির পর সব থেকে কম প্রবৃদ্ধির বছর। সবশেষ ঘোষিত বাজেটে পতিত আওয়ামী লীগ সরকার ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো।
বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি কমের কারণ হিসেবে বলছে: সাম্প্রতিক মাসগুলোয় নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আভাস ঘিরে অনিশ্চয়তা তাদের পূর্বাভাসে প্রতিফলিত হয়েছে।
রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়বে না। অন্যদিকে বন্যার কারণে কৃষি উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা।
তবে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কাজ পরিচালনা করছে। এর ফলে প্রবৃদ্ধি বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি। এজন্য অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নতি করার মতো বিষয়গুলোতে নজর দিতে হবে জানিয়েছে তারা।
বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে সুসংবাদ না থাকলেও দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যা চলতি বছরের আগের পূর্বাভাসের চেয়ে বেশি।








