জ্বালানি সংকটে দেশের উপকূলীয় এলাকায় থমকে গেছে মাছ ধরা কার্যক্রম। ডিজেলের অভাবে শত শত ট্রলার সমুদ্রে যেতে পারছে না, ফলে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সংকট এবং বাজারে বেড়েছে মাছের দাম।
চরলাঠিমারা গ্রামের জেলে জাহাঙ্গীর সিকদার বলেন, পনেরো বছর ধরে ঝড়-তুফানেও মাছ ধরা বন্ধ হয়নি, কিন্তু এখন ডিজেলের অভাবে নৌকা থেমে আছে। তার মতো হাজারো জেলে আর্থিক সংকটে পড়েছেন।
সংকটের প্রভাব পড়েছে ক্ষুদ্র জেলেদের মধ্যেও। টানা পনেরো দিন নদীতে নামতে পারছেন না তারা।
পাম্পগুলোতে বোতল বা কন্টেইনারে তেল বিক্রি বন্ধ রয়েছে। পদ্মা অয়েল কোম্পানির ডিলার মো. ফারুক হোসেন জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম।
অন্যদিকে মাগুরাসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার পর জ্বালানি মিলছে, ভোগান্তিতে পড়েছেন চালক ও কৃষকরা।
এর মধ্যে ৬১ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে শুক্রবার দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে সংকট কমবে।








