মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর এই কথাটি সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (৭ অক্টোবর) সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে একথা বলেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।
ওই প্রেস ব্রিফিংয়ে একটি প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের ভিতর দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এই সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ করেছে?
জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায়। আর একথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য।
আরেকটি প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স ও লিঞ্চিং ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কীভাবে দেখছে?
জবাবে ম্যাথু মিলার বলেন, প্রশ্নকারীর উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না। তবে তিনি শুধু বলতে পারেন, মাত্র ২ সপ্তাহ আগেই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।








