দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন ঢাকা ৬ আসন থেকে সাবেক দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তার মনোনয়ন পত্র গ্রহণ করেন বিভাগীয় কমিশনআর সাবিরুল ইসলাম।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। বাস্তবতায়ও তিনি তার প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করেছেন এবং তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কাজী ফিরোজ রশিদকে একই আসনে মনোয়ন দেয়া বিষয়ে সাঈদ খোকন বলেছেন, মেরে আঙনেমে তুমহারা ক্যায়া কাম হ্যায়? দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত। দলের সিদ্ধান্তের বাইরে কিছুই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা- ৬ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করবো এই আসনটা আমরা ওনাকে উপহার দিতে পারব। সবার কাছে দোয়া চাই।
মঙ্গলবার ৯টি মনোনয়ন জমা পড়েছে। আজ একজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।








