ফুটবল বিশ্বকাপের জন্য ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’। আর পেজের একটি রিল ভিডিওতে বাজছে বাংলা গান! শ্রোতাপ্রিয় যে গানটি ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’!
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুটসাল টুর্নামেন্ট নিয়ে একটি কাস্টম রিল পোস্ট করে ফিফা। রিলের ক্যাপশনও ছিলো বাংলায়! সেখানে লেখা, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’
আর ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয় ১১ বছর আগে পরিচালক নুরুল আলম আতিকের ‘যাদুর শহর’ ধারাবাহিকে ‘যাদুর শহর’ শিরোনামে চিরকুটের করা গানটি। এই গান দিয়ে সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায় ব্যান্ডদল চিরকুট।
বিষয়টিকে ব্যান্ডের জন্য ভীষণ আনন্দের বলে জানিয়েছে চিরকুট। তাদের অফিশিয়াল পেজেও শেয়ার করা হয়েছে। অন্যান্য ব্যান্ডগুলোও চিরকুটকে অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে।
চিরকুট ব্যান্ডের ভোকাল সুমি বিষয়টি শেয়ার করে ফেসবুকে লিখেছেন,“ছোটবেলা থেকে ফুটবল/ ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভাল লাগছে।”
সুমি এসময় জানিয়েছেন, ‘যাদুর শহর’ গানটির কথা তার সাথে যৌথভাবে লিখেছেন আনন্দ। সংগীত পরিচালনা করেছেন সুমী, পিন্টু ঘোষ ও ইমন চৌধুরী। শব্দ প্রযোজক হিসেবে ছিলেন পাভেল আরীন।








